আরবি ভাষা ইন্সটিটিউট
আরবিভাষায় দক্ষতা অর্জনের পথে আমরা দেই পরিপূর্ণতা
ইন্সটিটিউটের দর্শন
অনারব তথা আরবিভাষী নয় এমন সকল শিক্ষার্থীর জন্য আরবি ভাষা শিক্ষাকে সহজ করে তুলতে এই ইন্সটিটিউটের যাত্রা। এই ইন্সটিটিউটে আন্তর্জাতিক পর্যায়ে অনুসৃত ও স্বীকৃত মান নির্ধারণী পদ্ধতি CEFR (Common European Framework Reference for Languages)-এর রূপরেখা অনুযায়ী ভাষা শেখানো হয়ে থাকে। ছয়টি লেভেল তথা (A1, A2, B1, B2, C1, C2) স্তরভেদে শিক্ষার্থীরা ভাষার মৌলিক দক্ষতা সমূহ (পঠন, লিখন, কথন, শ্রবণ) সহজেই আয়ত্ত করতে সক্ষম হয়। প্রাথমিক থেকে দক্ষ স্তর পর্যন্ত ধারাবাহিকভাবে অধ্যয়নের মাধ্যমে শিক্ষার্থীরা আন্তর্জাতিক ভাষার মান নির্ধারণী পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার সক্ষমতা অর্জন করে।
ইন্সটিটিউটের বার্তা
‘আরবি ভাষা ইন্সটিটিউট’ পবিত্র কুরআনের ভাষার বহুমুখী ব্যবহারে সুদক্ষ একটি নতুন প্রজন্ম তৈরির স্বপ্ন লালন করে। সেই লক্ষ্যে আল-আযহারের আধুনিক ও যুগোপযোগী সিলেবাসের রূপরেখায় এবং আযহারি বিশেষজ্ঞ স্কলার ও শিক্ষাবিদদের তত্ত্বাবধানে সৃজনশীল সকল উপায় অবলম্বনের মাধ্যমে শিক্ষার্থীদের ভাষা শিক্ষা কার্যক্রম পরিচালনা করছে। ইন্সটিটিউট প্রত্যাশা করে যে, আধুনিক উপকরণকে কাজে লাগিয়ে শিক্ষার্থীরা তাদের আত্মবিশ্বাস, মেধা ও দক্ষতার মাধ্যমে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে অবদান রাখার যোগ্য হিসেবে গড়ে উঠবে।
লক্ষ্য ও উদ্দেশ্য
- বিশ্বব্যাপী আরবী ভাষার প্রচার ও বাংলাদেশসহ অনারব বা আরবিভাষী নয় এমন সকল শিক্ষার্থীদের জন্য আরবি ভাষা শিক্ষা সহজ করা।
- ভাষাগত দক্ষতা বৃদ্ধির মাধ্যমে অনারব শিক্ষার্থীদের জন্য কুরআন-হাদিস এবং আরবি তুরাসে (আরবি ভাষায় রচিত প্রাচীন এবং আধুনিক জ্ঞানসমূহে) পাণ্ডিত্য অর্জনের পথ সুগম করে তোলা।
- শিক্ষার্থীদের উচ্চতর একাডেমিক শিক্ষায় যুক্ত হওয়ার লক্ষ্যে আল-আযহারসহ বিশ্বব্যাপী বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির পথ সুগম করা।
- দৈনন্দিন জীবনের আধুনিক ও ব্যবহারিক আরবি শিখতে আগ্রহী যে কোন শ্রেণি-পেশার মানুষের জন্য সর্বোচ্চ মানের ব্যবহারিক আরবি শেখার সুযোগ তৈরী করা।
- আরবি ভাষা শিক্ষায় নেতৃত্ব দেওয়ার লক্ষ্যে পরবর্তী প্রজন্মের জন্য সুদক্ষ আরবি ভাষার শিক্ষক/শিক্ষিকা তৈরি করা।
- বিভিন্ন পেশা (যেমনঃ কূটনীতি, আন্তর্জাতিক বানিজ্য, পর্যটন, চিকিৎসা ও দাতব্য, সাংবাদিকতা, অফিসিয়াল অনুবাদ ইত্যাদি) –তে কর্মরত ব্যক্তিদের দাপ্তরিক কাজে সহায়তা এবং নিজেদের কর্মক্ষেত্রে সফল দৃষ্টান্ত স্থাপনের জন্য সৃজনশীল পদ্ধতিতে আরবি ভাষায় প্রয়োজনীয় দক্ষতা অর্জন করা।
যাদের জন্য আরবি ভাষা ইন্সটিটিউট
- যাদের মাতৃভাষা আরবি নয় এমন সকল অনারব ছাত্রছাত্রী (কিশোর – তরুণ) ও তালেবুল ইলম।
- আরবি ভাষায় দক্ষতা অর্জনে আগ্রহী যেকোনো প্রাপ্তবয়ষ্ক পুরুষ বা মহিলা।
- সরকারি – বেসরকারি শ্রেণি-পেশায় নিয়োজিত ব্যক্তিবর্গ। (প্রাপ্তবয়স্ক-মধ্যবয়স্ক-পুরুষ/মহিলা)
আরবি ভাষার দক্ষতা যাচাই পরীক্ষা
আন-নুর ইনস্টিটিউট থেকে শিক্ষাসমাপনকারী প্রতিটি শিক্ষার্থী শুধু ভাষার দক্ষতা ও বাগ্মিতাই নয়; বরং নিজের মধ্যে এ ভাষার আধ্যাত্মিক তাৎপর্য এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে তার প্রায়োগিক কার্যকারিতার গভীর উপলব্ধিও ধারণ করে। কেননা আরবি ভাষায় পারঙ্গমতা ভৌগলিক সীমানার গণ্ডি অতিক্রম করে বৈশ্বিক মঞ্চে সাংস্কৃতিক সংযোগ ও মতবিনিময় এবং ধর্মীয় ও আন্তঃধর্মীয় সংলাপের দ্বার উন্মোচন করে।
আমাদের শিক্ষার্থীরা অদূর ভবিষ্যতে দেশ-দেশান্তরে ছড়িয়ে পড়বে, কেউ শিক্ষক হিসাবে ছড়াবে জ্ঞানের আলো। কেউ হবেন কুরআন–সুন্নাহ বিষয়ে বিশেষজ্ঞ পণ্ডিত ও গবেষক। কেউবা মসজিদে মুসুল্লিদের সালাতের ইমামতি করবেন এবং বহুদেশীয় ইসলামিক কমিউনিটি ও কালচারাল সেন্টারের দায়িত্বশীল হবেন। আরবি ভাষায় পারদর্শিতার গুণে তারা হয়ে উঠবে বৈচিত্রের মাঝে ঐক্যের সেতুবন্ধন। ইসলামের মধ্যপন্থী শিক্ষা ও ভাতৃপ্রতিম আদর্শের প্রচারের মাধ্যমে বিভিন্ন সম্প্রদায়ের কাছাকাছি আসা এবং একে অপরকে জানাবোঝার পথ এ ভাষায় দক্ষতার মাধ্যমে সুগম হবে।
ইসলাম ও আরবি ভাষার সংরক্ষণ ও প্রসারে মিশরের আল-আযহারের সহস্র বছরের ঐতিহ্য ও অবদান সর্বজনবিদিত। আন-নুর ইন্সটিটিউট যেহেতু আল-আযহারের শিক্ষা কারিকুলাম অনুসরণ করে, তাই আরবি ভাষাই আমাদের পাঠদানের মূল মাধ্যম এবং এ ভাষা পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা স্কলারদের সাথে জ্ঞানের সংযোগ স্থাপন ও আদান প্রদানেরও প্রধান মাধ্যম। তাই আরবি ভাষা ইনস্টিটিউট ভাষার দক্ষতা ও বিশুদ্ধতার মাধ্যমে বিশুদ্ধ জ্ঞান চর্চার সুযোগ সৃষ্ট করে।
আরবি ভাষা ইন্সটিটিউট তার সামগ্রিক কার্যক্রমের অধীনে দুই ধরণের ভাষা পরীক্ষা আয়োজন করে থাকেঃ
১। স্তর নির্ধারণী পরীক্ষা।
২। দক্ষতার সার্টিফিকেশন পরীক্ষা।
ইন্সটিটিউটের বিভাগসমূহ
সাধারণ বিভাগঃ
‘আরবি ভাষা ইন্সটিটিউট’ -এর সাধারণ বিভাগ ওই সকল শিক্ষার্থীদের জন্য, যারা প্রাতিষ্ঠানিকভাবে ইসলামি বিভিন্ন জ্ঞানশাস্ত্রে (কুরআন-হাদিস-শরিয়া-বালাগাহ ইত্যাদি বিষয়ে) পাণ্ডিত্য অর্জন করতে আগ্রহী।
ইনস্টিটিউট সাধারণ বিভাগের শিক্ষার্থীদের জন্য থিওরেটিক্যাল (তাত্ত্বিক) এবং প্র্যাক্টিক্যাল (অনুশীলন) উভয় মেথডের সমন্বয়ে স্তরভিত্তিক ধারাবাহিক শিক্ষা কার্যক্রম পরিচালনা করে থাকে। সাধারণ বিভাগের মেয়াদকাল ২৪ মাস / ১০৪ সপ্তাহ যা মোট ছয়টি স্তরে বিভক্ত। প্রতিটি স্তরে ১৬ সপ্তাহব্যাপী নূন্যতম ১২৮ ঘণ্টা পাঠদান করা হয়। প্রত্যেক স্তরেই পঠন, শ্রবণ, লিখন এবং কথনের সমন্বয়ে ভিন্ন ভিন্ন ক্লাস থাকে। এক্ষেত্রে আল-আযহার বিশ্ববিদ্যালয় কর্তৃক অনারব শিক্ষার্থীদের জন্য নির্ধারিত পাঠ্যবই আত-তুহফাতুল আজহারিয়া সিরিজ-কে ভিত্তি হিসেবে রেখে বাংলাদেশী শিক্ষার্থীদের উপযোগী করে পাঠদান করা হয়।
স্তর নির্ধারণী পরীক্ষার মাধ্যমে নিবন্ধন করার পর প্রত্যেকটি স্তর শেষে নিয়মতান্ত্রিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। সর্বশেষ স্তর সমাপ্ত করে চূড়ান্ত পরীক্ষায় উত্তীর্ণদেরকে ইন্সটিটিউটের পক্ষ থেকে ভাষা সনদ প্রদান করা হয়। যা ব্যবহার করে একজন শিক্ষার্থী পরবর্তীতে উচ্চতর একাডেমিক পড়াশুনা বা পেশাগত জীবনে সফলতা অর্জন করতে সক্ষম হবে।
ক্রমিক নং |
স্তর |
সময় (ঘণ্টায়) |
সময় (সপ্তাহ) |
| ১ | A1 (প্রাক-প্রাথমিক) | ১২৮ ঘণ্টা | ১৬ সপ্তাহ |
| ২ | A2 (প্রাথমিক) | ১২৮ ঘণ্টা | ১৬ সপ্তাহ |
| ৩ | B1 (নিম্ন মাধ্যমিক) | ১২৮ ঘণ্টা | ১৬ সপ্তাহ |
| ৪ | B2 (মাধ্যমিক) | ১২৮ ঘণ্টা | ১৬ সপ্তাহ |
| ৫ | C1 (উচ্চতর) | ১২৮ ঘণ্টা | ১৬ সপ্তাহ |
| ৬ | C2 (দক্ষ) | ১২৮ ঘণ্টা | ১৬ সপ্তাহ |
| সর্বমোট | ৭৬৮ ঘণ্টা | ১০৪ সপ্তাহ | |
দ্রষ্টব্য: সাধারণ কোর্সের শিডিউলের জন্য নিয়মিত ইন্সটিটিউটের সোশাল মিডিয়া পেইজ সমূহ ও ওয়েবসাইট ভিজিট অথবা ইন্সটিটিউটের ওয়াটস্যাপ নম্বরে সরাসরি যোগাযোগ করার জন্য অনুরোধ করা যাচ্ছে।
২. বিশেষ প্রশিক্ষণ বিভাগঃ
পেশাগত দায়িত্ব দক্ষতার সাথে পালনের জন্য সকল শ্রেণি-পেশার মানুষের জন্য প্রয়োজনীয় ভাষা দক্ষতা অর্জনকে সহজলভ্য করতে ‘আরবি ভাষা ইন্সটিটিউট’ বিশেষ এই বিভাগটি পরিচালনা করে। বিভিন্ন পেশা (যেমনঃ কূটনীতি, আন্তর্জাতিক বানিজ্য, পর্যটন, চিকিৎসা ও দাতব্য, সাংবাদিকতা, অফিসিয়াল অনুবাদ ইত্যাদি) –তে কর্মরত ব্যক্তিদের মধ্যে যারা দাপ্তরিক কাজে সহায়তা এবং নিজেদের কর্মক্ষেত্রে সফলতার জন্য আরবি ভাষার প্রয়োজনীয়তা অনুভব করছেন, তাদের জন্য এই বিভাগে ৬ মাস থেকে ১২ মাসব্যাপী বিভিন্ন মেয়াদী কোর্স আয়োজন করা হয়। আগ্রহী ব্যক্তির প্রয়োজনের ওপর নির্ভর করে কোর্সের সময় বা দৈর্ঘ্যে কমবেশী হতে পারে। পাশাপাশি চূড়ান্ত পরীক্ষায় উত্তীর্ণদের ইন্সটিটিউটের পক্ষ থেকে ভাষা সনদ প্রদান করা হয়।
দ্রষ্টব্য: বিশেষ কোর্সের শিডিউলের জন্য সরাসরি যোগাযোগের অনুরোধ করা যাচ্ছে।