মুহাম্মদ ওয়াসিফুর রহমান একজন বাংলাদেশি আযহারি গবেষক। তিনি ইসলামি আইন ও ফিকহশাস্ত্রে সমৃদ্ধ একাডেমিক অভিজ্ঞতার অধিকারী। মিশরের আল-আজহার বিশ্ববিদ্যালয়ের শরিয়াহ অ্যান্ড ল’, কায়রো অনুষদ থেকে তিনি LLB ও ইসলামি শরিয়াহ বিষয়ে “Very Good” গ্রেডে উত্তীর্ণ হয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন এবং পরবর্তীতে একই অনুষদ থেকে উসুলুল ফিকহ (ইসলামি আইনশাস্ত্রের মূলনীতি) বিষয়ে দুই বছর মেয়াদি উচ্চতর ডিপ্লোমা সম্পন্ন করেন। বর্তমানে একই বিষয়ে এমফিল ডিগ্রি অর্জনের জন্য অধ্যয়নরত রয়েছেন।
২০১২ সালে তিনি আল-আজহার “ইসলামিক মিশন্স ইন্সটিটিউট” উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সমগ্র মিশরে ৫ম স্থান অর্জনের মাধ্যমে জাতীয় পর্যায়ে কৃতিত্ব লাভ করেন। এ সাফল্যের জন্য তিনি আল-আজহারের গ্র্যান্ড ইমাম ও শায়খ, অধ্যাপক ড. আহমদ আত-তায়্যিবের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে সম্মাননা ও পুরস্কার লাভ করেন।
শিক্ষাজীবনে তিনি বিভিন্ন নেতৃত্বমূলক দায়িত্ব পালন করেছেন। এর মধ্যে উল্লেখযোগ্য হলো আল-আজহার ফরেন স্টুডেন্টস পার্লামেন্টের (برلمان الطلاب الوافدين بالأزهر الشريف) সহ-সভাপতি এবং বাংলাদেশি আযহারি শিক্ষার্থীদের সংগঠন “আযহার ওয়েলফেয়ার সোসাইটি বাংলাদেশ”-এর সভাপতি হিসেবে দায়িত্ব পালন। পেশাগত জীবনে তিনি কায়রোস্থ বাংলাদেশ দূতাবাসের প্রধান অনুবাদক ও শিক্ষা সমন্বয়কারী হিসেবে কর্মরত ছিলেন।
তিনি “আল-আজহার বিশ্ববিদ্যালয়ঃ অতীত থেকে বর্তমান” গ্রন্থের প্রধান লেখকও, যা মাকতাবাতুল আজহার থেকে প্রকাশিত হয়েছে। বইটিতে বিশ্বের প্রাচীনতম ইসলামি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর অন্যতম আল-আজহারের সূচনাকাল থেকে ঐতিহাসিক বিবর্তন এবং সমসাময়িক অবস্থা ও গুরুত্ব তুলে ধরা হয়েছে।
ঢাকায় জন্মগ্রহণকারী মুহাম্মদ ওয়াসিফুর রহমান বাংলাদেশের বিভিন্ন স্বনামধন্য প্রতিষ্ঠানে উচ্চতর ইসলামি শিক্ষা সমাপ্ত করেন। তিনি পবিত্র কুরআনের একজন হাফিজ এবং বাংলাদেশে দাওরা হাদিস শিক্ষা সম্পন্ন করেছেন। বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ পরিচালিত জাতীয় পরীক্ষাসমূহে তিনি উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেন—মুতাওয়াসসিতাহ পর্যায়ে ৫ম স্থান, সানাবিয়া উলইয়া পর্যায়ে ১৭তম স্থান এবং ফযিলত পর্যায়ে ১১তম স্থান লাভ করেন। সবগুলো পরীক্ষায় তিনি “Excellent” (মুমতায) গ্রেডে উত্তীর্ণ হন।
বাংলা ভাষার পাশাপাশি তিনি আরবি, ইংরেজি, উর্দু ও হিন্দিসহ একাধিক ভাষায় দক্ষ।