An-Nour Institute: A Source of Comfort for Al-Azhar Students Abroad - An-Nour Institute

প্রবাসের নিঃশব্দ সংগ্রামে আল-আযহারের শিক্ষার্থীদের জন্য এক টুকরো ভালোবাসা

by - Wasifur Rahman Azhari
·
Posted on - 10 May, 2026

আল-আযহার ইউনিভার্সিটির প্রবাসী শিক্ষার্থীদের পাশে আন-নূর ইন্সটিটিউট

দ্বীনি পথচলা কেবল ইলম অর্জনের মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং সেই ইলমের বাস্তব প্রতিফলন মানুষের কল্যাণে ছড়িয়ে দেওয়ার মধ্যেই এর প্রকৃত সৌন্দর্য নিহিত। এই উপলব্ধি থেকেই মিশরের আল-আযহার বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের সহায়তায় এক মানবিক উদ্যোগ গ্রহণ করেছেন আন-নূর ইন্সটিটিউট।

ইলমের পথ কখনোই কণ্টকমুক্ত নয়—বিশেষত যখন তা প্রবাস জীবনের সীমাবদ্ধতা ও বাস্তব সংগ্রামের সঙ্গে যুক্ত হয়। আল-আযহারে অধ্যয়নরত বহু বাংলাদেশি শিক্ষার্থীর জীবন সেই বাস্তবতারই প্রতিচ্ছবি। আন-নূর ইন্সটিটিউটের প্রতিষ্ঠাতাগণ মিশরে অবস্থান করার সুবাদে শিক্ষার্থীদের জীবনসংগ্রাম খুব কাছ থেকে প্রত্যক্ষ করার সুযোগ পেয়েছেন। বিশেষ করে পরিবারসহ বসবাসরত বিবাহিত শিক্ষার্থীদের জন্য প্রবাসজীবন হয়ে ওঠে আরও কঠিন—সীমিত আয়, অতিরিক্ত দায়িত্ব এবং নিত্যপ্রয়োজন পূরণের সংগ্রাম তাদের নিত্যসঙ্গী। তবে এত প্রতিকূলতার মাঝেও ইলম অর্জনের প্রতি তাদের দৃঢ় নিষ্ঠা ও অবিচল সাধনা সত্যিই অনুপ্রেরণাদায়ক।

এই বাস্তব অভিজ্ঞতা থেকেই জন্ম নেয় এক গভীর দায়িত্ববোধ—
“শুধু অনুপ্রেরণা নয়, বরং বাস্তব সহমর্মিতার মাধ্যমে তাদের পাশে দাঁড়ানো।”

আলহামদুলিল্লাহ, সেই দায়িত্ববোধকে ধারণ করেই আন-নূর ইন্সটিটিউটের প্রতিষ্ঠাতাগণ ধারাবাহিকভাবে বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছেন।

উন্নয়নমূলক এ উদ্যোগের অংশ হিসেবে জনাব মুফতি সাইফুল ইসলাম, খতিব মসজিদুত তাকওয়া, ধানমণ্ডি তার ও Poriborton Foundation-এর সহযোগিতায় পরিবারসহ বসবাসরত ২৬টি শিক্ষার্থী পরিবারের মাঝে মূল্যবান গৃহস্থালি ইলেকট্রনিক্স সামগ্রী ও প্রয়োজনীয় আসবাবপত্র বিতরণ করা হয়েছে। এই সহায়তা তাদের দৈনন্দিন জীবনযাত্রার চাপ কিছুটা হলেও লাঘব করবে—এমনটাই প্রত্যাশা। পাশাপাশি কুরবানির কার্যক্রম, বাসাভাড়া সহায়তা এবং নিয়মিত আর্থিক সহযোগিতার মাধ্যমেও ইতোমধ্যে বহু শিক্ষার্থীর জীবনে ইতিবাচক পরিবর্তন আনার প্রয়াস নেওয়া হয়েছে, আলহামদুলিল্লাহ।

এই উদ্যোগ আন-নূর ইন্সটিটিউটের দায়বদ্ধতা, সহমর্মিতা ও দূরদর্শিতার এক উজ্জ্বল প্রতিফলন। প্রতিষ্ঠানটি বিশ্বাস করে—ইলমের খেদমত তখনই পূর্ণতা লাভ করে, যখন তা মানুষের কল্যাণে নিবেদিত হয়।

আমরা মহান আল্লাহ তা‘আলার নিকট দো‘আ করি—তিনি এই খেদমতকে কবুল করুন, একে সাদাকায়ে জারিয়া হিসেবে গ্রহণ করুন এবং সংশ্লিষ্ট সকলকে উত্তম প্রতিদান দান করুন।

আন-নূর ইন্সটিটিউট ভবিষ্যতেও আল-আযহারের শিক্ষার্থীদের পাশে থেকে তাদের শিক্ষা ও জীবনযাত্রাকে সহজতর করতে আরও সুপরিকল্পিত ও সুদূরপ্রসারী উদ্যোগ গ্রহণে প্রতিশ্রুতিবদ্ধ—ইন শা আল্লাহ।

 

সাম্প্রতিক পোস্ট

An-Nour Institute: A Source of Comfort for Al-Azhar Students Abroad - An-Nour Institute